ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৫:৫৮:১৩
‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’

স্টাফ রিপোর্টার : যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপি গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন এ কথা বলেন। গ্রেপ্তারকৃতরা হলো মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ।

গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে ২০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানার জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুড়কির বস্তার মধ্য থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। গ্রেপ্তারকৃতরা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)