প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:১৩:৫৭
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিএনপি নেত্রী সুফিয়া খানম এবং সাধারণ সম্পাদক পদে শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশিদা আক্তার।
গতকাল শনিবার বিকেলে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ ফুলপুর উপজেলা শাখার ৫ম ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা হেলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এলিনা জামান খানম এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শম্পা সরকার। সম্মেলন শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে নারী অধিকার রক্ষায় ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
(এসআই/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)
