ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৫১:৪৬
‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মুন্সগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়। তারা পরিকল্পিতভাবে এ লকডাউন দিয়েছে, যেন মানুষ ঘর থেকে বের হতে না পারে। বিএনপি কোনোভাবেই এ লকডাউন মানবে না এবং দেশে কোনো ধরনের নাশকতা হতে দেবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত রাখবে।

আজ রবিবার মাওয়া পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে এক পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এর পূর্বে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে রবিবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রত্যাখ্যান করে এবং কোনো ধরনের নাশকতা রুখতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা “লকডাউন মানি না”, “নাশকতা রুখে দাও” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিন সকাল থেকে লৌহজং উপজেলা বিএনপি কার্যালয় এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। বিএনপি’র এ অবস্থান কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পদ্মা সেতু টোল প্লাজায় পথসভা

উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান শেষে এডভোকেট আব্দুস সালাম আজাদ নেতাকর্মীদের সাথে নিয়ে পদ্মা সেতু টোল প্লাজার কাছে এক পথসভায় অংশ নেন এমপি আব্দুস সালাম আজাদ। সেখানে তিনি লকডাউনের প্রতিবাদে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

(এমকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)