প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটি
একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৭:১৬:১২রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
প্রসঙ্গত, গতকাল রবিবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটি হাফিজুর রহমান মুকুলকে সভাপতি ও শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়। এতে প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম চন্দনকে। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।
রোববার বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করেন জেলা যুবদলের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।
পরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।
এদিকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় বিক্ষোভ করেছেন। রোববার বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে জেলা যুবদলের ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে গিয়ে তাঁর সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ বন্ধ করার অনুরোধ জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
