প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কথিত দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু
গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৭:২৫:৫৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্যামনগর উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ সোমবার সকাল থেকে উপজেলার পৌর সদরে উক্ত কর্মসূচি পালন করা হয়।
শুরুতে জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুল ইসলামের কুশপুতলিকায় জুতা পেটা ও অগ্নিসংযোগ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরনগর পাবলিক লাইব্রেরীর আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল কালাম মোড়ল, তরুণ সমাজ সেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু প্রমুখ।
বক্তারা কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর জন্য গাজী নজরুল ইসলামকে দায়ী করে অবিলম্বে তাকে আইনের আওতায় নেয়ার দাবি জানান। বক্তারা বলেন সদ্য কৌশর পেরুনো মেয়েটি অসম বয়সের এমন নাটকীয় বিয়ে মেনে নিতে পারেনি। নিজের লালসার শিকার বানাতে যেয়ে লোকলজ্জার হাত থেকে রক্ষা পেতে নামকাওয়াস্তে বিয়ের নাটক সাজালেও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি।
বক্তারা আরও বলেন, নিম্ন বিত্ত পরিবারের মেয়েটি একটি চাকরির আবেদন করতে যেয়ে নারী লোভী জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের কু-নজরে পড়ে। পরবর্তীতে তার লালসার শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মৃত্যু গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের ফল। সেকারণে অবিলম্বে গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে এ অপরাধের বিচার করতে হবে।
উল্লেখ্য, আগের দিন রোববার রাতে গাজী নজরুল ইসলামের ন্যাম ফ্লাটের বাসা থেকে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী একই বাসায় অবস্থান করছিল। এঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা খাতুনকে আটক করে।
প্রসঙ্গত উল্লেখ্য মরিয়াম খাতুনের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত ২০ জুলাই। পরক্ষনে গাজী নজরুল ইসলাম ও তার ছেলে অনুসারীরা বিষয়টি এআই প্রযুক্তির আবিস্কার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। তবে একদিন পরেই গাজী নজরুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুকে ঐ তরুণী তার দ্বিতীয় স্ত্রী দাবি করে পোস্ট করলে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয়। একপর্যায়ে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী পারিবারিকভাবে বিয়ে হয়েছে দাবি করে ফেসবুকে বক্তব্য রাখেন। পরবর্তীতে ঐ বিয়ের কথিত কাজী বাকি বিল্লাহ জানান আগে কলেমা পড়ে বিয়ে হলেও ২০ জুন তার কাছে কাবিন করা হয়। এঘটনার পর আলোচিত ঐ কাজি আত্মগোপনে চলে যায়।
এ ঘটনার পর জামায়াত নেতৃবৃন্দ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
