ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৫:৪২:৩৯
সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সোহরাব হোসেন দফাদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল অফিসের আওতাধীন ঝাউডাঙ্গা কলেজের পেছনের তুজলপুর মাঠে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটির নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহত সোহরাব হোসেন জেলার ধলবাড়িয়া এলাকার বাবলু দফাদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র অথবা সোহরাব একাকী তুজলপুর মাঠের একটি গভীর নলকূপের (ডিটিডব্লিউ) কৃষি সেচ সংযোগের ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও কয়েল খোলার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত মূল বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান জানান, আমরা সন্দেহ করছি সেচ কাজের ব্যবহৃত গভীর নলকূপের থ্রি-ফেজ সংযোগের ৩টি ট্রান্সফরমারই চুরির প্রক্রিয়া চলছিল। ঘটনাস্থলে গিয়ে আমাদের প্রতিনিধিরা দেখেন চোরচক্র ১টি ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েল খুলে মাটিতে ফেলে রেখে গেছে এবং অপর ২টি ট্রান্সফরমারের ঢাকনা খোলা অবস্থায় খুঁটিতে ঝুলছিল। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের ধারণা, কয়েল চুরির শেষ মুহূর্তেই এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৬)