প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যায় একজনের যাবজ্জীবন
২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:০৬:৪৪
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন।মধ্যরাতে ছোট ভাইয়ের কান্নায় রুনার মেয়ে উম্মে সিনহার ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে উঠানে মাকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় মিলন পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুনার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলন শেখসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।
আইনজীবী আইয়ুব আলী খান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। মামলার অপর দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলবে।
(একে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
