ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৪:৩৩:৫১
গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে বড় আইনি ধাক্কা এসেছে। হোয়াইট হাউজে তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত আটকে দিয়েছেন ফেডারেল আদালতের এক বিচারক। একই সঙ্গে সিএনএন,এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন জেলা আদালতের বিচারক টিম কেলি এ আদেশ দেন। তিনি বলেন, তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সম্ভবত মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ওই তিন সংবাদমাধ্যমের হোয়াইট হাউজ প্রেস পাস বাতিল করে। এর বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করে সংবাদমাধ্যমগুলো। তারা অভিযোগ করে, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

বিচারক কেলি ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে তিন সংবাদমাধ্যমের প্রেস পাস ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১৪ দিন নিষেধাজ্ঞা কার্যকর করার ওপরও স্থগিতাদেশ দিয়েছেন।

নিষেধাজ্ঞার পক্ষে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়েছিল। তবে বিচারক বলেন, নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয়—এমন দাবির পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আদালতের নথিতে নেই।

বিচারক আরও বলেন, ট্রাম্প নিজেই জানিয়েছিলেন যে ওই সংবাদমাধ্যমগুলোর কথিত ‘অসত্যতা ও নেতিবাচক’ প্রতিবেদনের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প অভিযোগ করেছিলেন, সংবাদমাধ্যম তিনটি নিয়মিত ‘মিথ্যা’ ও ‘কাল্পনিক’ প্রতিবেদন প্রকাশ করে। অন্যদিকে, মার্কিন বিচার বিভাগ জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়েছিল।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এর মধ্যেই গণমাধ্যমের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই আইনি লড়াই নতুন মাত্রা পেল।

তথ্যসূত্র : রয়টার্স

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)