প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে রাজস্ব বাজেটের আওতায় ১৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তি
২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:৫০:০৮
রিপন মারমা, রাঙামাটি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্তি করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলার বাস্তবায়নে এবারের কার্যক্রমে উপজেলার মোট ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ১৮৫ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃষিবিদ) ড. এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যসম্পদের উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
