প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
এসএমআর উৎপাদন সক্ষমতা জোরদার করছে রাশিয়া
২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:২২:৩৬
বিশেষ প্রতিনিধি : রসাটমের 'জিও-পডলস্ক' কারখানায় একটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের জন্য দ্বিতীয় আরআইটিএম-২০০এস চুল্লির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়া নিজেদের ক্ষুদ্র মডুলার চুল্লি (এসএমআর) উৎপাদন সক্ষমতা আরও জোরদার করছে। এই ভাসমান ইউনিটটি প্রত্যন্ত চুকোৎকা অঞ্চলের একটি বড় তামার খনি প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করবে। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
'পিইবি-১০৬' ভাসমান বিদ্যুৎ ইউনিটের জন্য নির্মিত চুল্লিটি নির্ভরযোগ্যতা যাচাইয়ের হাইড্রোলিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি এর কন্ট্রোল অ্যাসেম্বলি সম্পন্ন হয়েছে।
পিইবি-১০৬ ইউনিটে দুটি আরআইটিএম-২০০এস চুল্লি থাকবে। এর প্রথমটির নির্মান ও সরবরাহ চলতি বছরের মে মাসে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটিকে জাহাজে কাঠামোতে স্থাপনের কাজ চলমান রয়েছে।
আরআইটিএম-২০০এস মূলত আরআইটিএম-২০০ সিরিজের কমপ্যাক্ট মেরিন চুল্লির অন্তর্ভুক্ত, যা রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত বরফভাঙা জাহাজের বহরে ব্যবহৃত হয়ে আসছে। এর অপেক্ষাকৃত ছোট আকার ও উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে এটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য এসএমআর ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশেষভাবে উপযোগী।
প্রত্যন্ত অঞ্চলের জন্য এই ইউনিটগুলো অত্যন্ত উপযোগী। পারমাণবিক ইউনিটগুলো আবহাওয়ার ওপর নির্ভর না করেই শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় বসতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
এই প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার ইতিমধ্যে ব্যাপক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ২০২০ সাল থেকে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 'একাডেমিক লামানোসভ' চুকোৎকা অঞ্চলে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
রসাটম এ পর্যন্ত ১৬টি আরআইটিএম চুল্লি ইউনিট তৈরি করেছে, যার মধ্যে আটটি বর্তমানে পারমাণবিক আইসব্রেকার আর্কতিকা, উরাল, সিবির এবং ইয়াকুতিয়ায় সক্রিয় রয়েছে এবং আরও ১২টি ইউনিট বর্তমানে উৎপাদনের বিভিন্ন ধাপে রয়েছে।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
