ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:৩৬:৪৭
ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকায় সম্প্রতি অপরাধমূলক তৎপরতা ও ডাকাত আতঙ্ক বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে মুখ ও চোখ বাঁধা এবং ভারী অস্ত্রসজ্জিত একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক চলাচল লক্ষ্য করা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ।

পরিস্থিতি মোকাবিলায় এলাকার প্রবেশপথ ও অলিগলিতে যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে বিশেষ যোগাযোগব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আক্কেল মালিথা, শেখ মজনু, সোলেমান মন্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, গোকুলনগর এলাকায় ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর এলাকাবাসীর পাশাপাশি পুলিশের টহলও জোরদার করা হচ্ছে। ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় পাহারার পাশাপাশি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)