প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাচারকালে শিমুলিয়া ঘাট হতে ৬২ বস্তা ইউরিয়া সার জব্দ
২০২৬ সেপ্টেম্বর ২৫ ১২:৪২:৫৬মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা কৃষি বিভাগ পুলিশের সহযোগিতায় এ সার জব্দ করে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসান উদ দৌল্লাহ জানান, সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকতার নিদের্শে শিমুলিয়া ঘাট হতে ৬২ বস্তা ইউরিয়া সার পাচারকালে জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ সার জব্দ করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানিয়েছেন, শিমুলিয়া ঘাট হতে ৬২ বস্তা ইউরিয়া সার ট্রাকে করে পাচারের সময় জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করছি স্থানীয় কোন ডিলারের সার হতে পারে এটি। তবে তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছেনা। এটি তদন্ত করে দেখা হবে স্থানীয় কোন সার ডিলার এ পাচার কাজের সাথে জড়িত কীনা।
তিনি আরও বলেন, জব্দকৃত সারগুলো আগামী রবিবার অফিস খুললে কৃষি দপ্তর থেকে গরীক কৃষকের তালিকা নিয়ে তা বিনা মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হবে।
(এমকে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
