ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৪:১৬:৫৫
‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার : ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার নতুন উন্নয়নযাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. তিতুমীর বলেন, ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে সরকার পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন এই তিন ‘আর’ বা থ্রি-আর কৌশলের ভিত্তিতে নতুন উন্নয়ন মডেল বাস্তবায়ন করছে।

এই কৌশলের আওতায় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিল্পের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান ড. তিতুমীর।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা গড়ে তোলা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তরে ভূমিকা রাখার জন্য প্রবাসী পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি সম্ভাবনাময় দেশীয় স্টার্টআপগুলোর জন্য বৈশ্বিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি করতেও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

ড. তিতুমীর বলেন, ‘আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত যোগাযোগও বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আসুন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যক্তিগত সাফল্যকে বাংলাদেশের জন্য সম্মিলিত সম্ভাবনায় রূপান্তর করি।’

সম্মেলনে সংগঠনের সভাপতি প্রকৌশলী মনির জামান সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল এবং মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সম্মেলনে অংশ নেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)