ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৫:০৭:১২
তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চোর চক্রের সদস্যরা দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

তালা বাজারের রত্ন জুয়েলার্সের স্বত্বাধিকারী উত্তম কুমার সিংহ জানান, শুক্রবার রাত ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ১০ টায় দোকান খুলে ভেতরে গিয়ে তিনি পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। চোরেরা ওই দেয়াল দিয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে বলে তাঁর দাবি।

দোকান মালিকের দেওয়া হিসাব অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১২৪টি নাকফুল, ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৫টি আংটি, এক লাখ ৬০ হাজার টাকা মূল্যেড ৫০ ভরির বেশি রুপার গহনা। এছাড়া রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ আরও অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা।

তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশও ঘটনাটি তদন্ত করছে।

তবে চুরি যাওয়া মালামালের পরিমাণ ও আর্থিক মূল্য এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)