ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

স্বর্ণের দাম কমেছে

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৫:৫৯:৪৭
স্বর্ণের দাম কমেছে

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে চলতি সপ্তাহে দ্বিতীয় বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একইসঙ্গে রূপার দামও কিছুটা কমানো হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা এবং রূপার দাম ৩৫০ টাকা কমেছে। দাম কমানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে, রবিবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আজ সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৯৭ ডলার।

নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)