ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:৪৭:২৯
ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত

রিপন মারমা, কাপ্তাই :"ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা" প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের 'কিন্নরী' হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বরইছড়ি মূল ফটক ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কানাডা সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে বাস্তবায়িত সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় 'এম্পাওয়ারমেন্ট' প্রকল্পের সহযোগিতায় এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের প্রধান অতিথি ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জীত তঞ্চঙ্গ্যা।এম্পায়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা যতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের সিসিএম (CCM) সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং তথ্য বিশৃঙ্খলা বা অপপ্রচার রোধে তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ জোর দেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)