ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:৪৯:২৭
নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক : আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সেই আসরের সূচি প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক বছর আগে কাউন্টডাউন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু হবে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ওয়ানডে বিশ্বকাপের আসর।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি দলের জায়গা নিশ্চিত হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। বাকি চার দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। সূচিতে তাদের ‘কোয়ালিফায়ার ১’, ‘কোয়ালিফায়ার ২’, ‘কোয়ালিফায়ার ৩’ ও ‘কোয়ালিফায়ার ৪’ হিসেবে রাখা হবে।

র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। কারণ তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় র‍্যাঙ্কিংয়ের নবম দল হিসেবেই বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে। আগামী বছরের শুরুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা।

বৃহস্পতিবার বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও চালু করবে আইসিসি। তবে ওই দিনই টিকিট কেনার সুযোগ থাকবে না। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি ধাপ থাকবে।

টুর্নামেন্ট শুরু হবে ‘সুপার সিরিজ’ দিয়ে। ১৪টি দল থেকে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বের শীর্ষ দল পরবর্তী ধাপে উঠবে।

দ্বিতীয় রাউন্ডে হবে ৩০টি ম্যাচ। ১২টি দলকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে। গ্রুপের দলগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দল- মোট সাতটি দল উঠবে ‘সুপার ৭’ পর্বে।

সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। এখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

সেমিফাইনালে সুপার ৭-এর পয়েন্ট টেবিলের শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।

দুই সেমিফাইনালের জয়ী দল খেলবে ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)