প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৭:৫৬:০১মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাতকরণের জন্য এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে লৌহজং উপজেলা নিব্যাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ফারজানা ববি মিতু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ মরিমানা ও দন্ডাদেশ দেন।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একজন পশুখাদ্য প্রক্রিয়াজাতকারীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময়ে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালীশংকর পাল।
অভিযানে উপজেলার গাওদিয়া এলাকায় লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর অবস্থায় প্যাকেটজাতকরনের জন্য প্রস্তুতকৃত আনুমানিক ৩ টন সাইলেজ জব্দ করা হয়। জব্দকৃত পশুখাদ্যের গুণগত মান যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব এ প্রেরণ করা হয়। জব্দকৃত পশুখাদ্য স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় প্রেরণ করা হয়।
ইউএনও আরও বলেন, প্রণিসম্পদ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পশু খাদ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানানো হয়।
(এমকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
