প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৮:৫৩:২৭
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার বৈরাগী বাজারে কুমার নদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গতকাল মঙ্গলবার বিকেল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার থেকে ফুলতলা বাজার পর্যন্ত দুই কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
উক্ত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাহানদার আলী মিয়া এমপি মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর -২। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ রাজৈর থানা।
প্রতিযোগিতায় দশটি নৌকা অংশ নেয়। এর মধ্যে ঘাউড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সীর ৫ নাম্বার নৌকা ও কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মন্টু বিশ্বাসের সোনার তরী ১ নাম্বার নৌকাটি যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী নৌকাকে দুটি ফ্রিজ দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
পাইকপাড়া ইউনিয়ন বাসির উদ্যোগে আয়োজন কারীদের পক্ষ থেকে জানানো হয়, সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান সভাপতি, পাইকপাড়া ইউনিয়ন বিএনপি, প্রতিযোগিতার হাতে পুরস্কারগুলো তুলে দেন পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ মিয়া।
নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ রহিম শিকদার ও স্থানীয় অনেকে।
স্থানীয়রা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য আরও পরিচিত ও জনপ্রিয় হবে।
(বিডি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
