প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
‘দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়’
২০২৬ অক্টোবর ০১ ১৩:৩৪:১১
আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার অভিযোগ, হুথিরা ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের পথ’ বেছে নিয়েছে, যা ইয়েমেনের জনগণ ও পুরো অঞ্চলের জন্য হুমকি তৈরি করছে।
বুধবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেশটির শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন যুবরাজ মোহাম্মদ।
তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ধরনের হুমকি বা হামলা হলে তার বিরুদ্ধে কঠোর জবাব দিতে দেশটি দ্বিধা করবে না।
সৌদি যুবরাজ সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেন। গত আগস্টে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তার মতে, এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, উত্তেজনা ও সংঘাতের প্রভাব থেকে অঞ্চলকে সুরক্ষিত রাখা এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর সৌদি নেতৃত্বের আগ্রহ স্পষ্ট হয়েছে।
তবে একই সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরব উত্তেজনা প্রশমিত করতে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে। তবে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সামান্যতম আপসও করা হবে না।
লোহিত সাগরে জাহাজ চলাচল রক্ষায় জোট
লোহিত সাগরে বাব আল-মান্দাব প্রণালির কাছে হুথিদের জাহাজে হামলার বিষয়েও কথা বলেন সৌদি যুবরাজ। আন্তর্জাতিক জলপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরোধিতা করেন তিনি।
মোহাম্মদ বিন সালমান জানান, আন্তর্জাতিক জলপথে সংশ্লিষ্ট দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একটি ‘বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট’ গঠন করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, পশ্চিম সৌদির তায়েফ এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
অন্যদিকে হুথিরা দাবি করেছে, তারা সৌদি রাজধানী রিয়াদের একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, সৌদির ওপর হুথিদের হামলা অব্যাহত থাকলে দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ সৌদি আরবকে ‘যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা’ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
