প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
‘আগামী অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু’
২০২৬ অক্টোবর ০১ ১৪:৪০:৫৩
স্টাফ রিপোর্টার : কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গত ১৭ বছরের শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর প্রভাব আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতি দূর করতে সরকার কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
