প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
২০২৬ অক্টোবর ০১ ১৮:৩৭:৩৯
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুন্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোন কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কি কারণে পদ স্থগিত করা হয়েছে তা তিনি বলেননি।
পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা এ ব্যাপারে বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে। এ কারণে আমাকে কারাণ দর্শানোর নোটিশ না দিয়ে পদ স্থগিত করা হয়েছে। আমি দলের কর্মকাণ্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি অনুগত। তাই নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত আদেশ প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করছি।
(টিবি/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
