ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা 

২০২৬ অক্টোবর ০১ ১৯:১৫:৪০
টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নিলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে তরকারি-ঔষধ একসাথে পাওয়া সহ বিদেশি, নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হক সহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে নীলফা বাজারের দুইটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধের ব্যাপারে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

(আরকে/এসপি/অক্টোবর ০১, ২০২৬)