ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন শামা ওবায়েদ

২০২৬ অক্টোবর ০৪ ০১:২০:৩৮
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে পাহারার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা ও সালথা উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

শামা ওবায়েদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয়ভাবে পাহারার জন্য কমিটি গঠন করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব কমিটি গঠন করে প্রতিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বরসহ তালিকা তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, চৌমুখা ও চরযশোরদী এলাকায় নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ওয়ার্ড বা গ্রামে নাশকতা কিংবা অপ্রীতিকর কর্মকাণ্ডের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পূজার সময় প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব আয়োজন এবং সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

(পিবি/এএস/অক্টোবর ০৪, ২০২৬)