ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ০৪ ১৭:৫৮:৩৭
বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ায় নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত মাদক ফেয়ারডিলের ১৮ বোতল সহ অনিতা রানী ঘোষ (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিতা রানী সদর উপজেলার সেউজগাড়ী এলাকার রাজিউলের স্ত্রী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদকের একটি চালান বগুড়ায় পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বারোপুর সোনারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নামুজা থেকে বারোপুরগামী পাকা সড়কে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশার পেছনের সিটে থাকা অনিতা রানী ঘোষের সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেয়ারডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত রেডমি নোট ১৩ মডেলের একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিতা রানী স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে সীমান্তবর্তী হিলি এলাকা থেকে ওই মাদকের চালান সংগ্রহ করে বগুড়ায় নিয়ে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, গ্রেপ্তার অনিতা রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

(বিএস/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)