ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

‘জীবনে উত্থান-পতন থাকার পরও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই’

২০২৬ অক্টোবর ০৫ ১৩:৪৪:৪৪
‘জীবনে উত্থান-পতন থাকার পরও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই’

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অনেকটা দূরে রয়েছেন। কারণ হঠাৎ করেই প্রবাসে চলে যান, সেখানেই এখন জীবনযাপন করছেন।

সোমবার (৫ অক্টোবর) মোনালিসার জন্মদিন। বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ মোনালিসা। এ অভিনেত্রী বলেন, “আজ জীবনের আরো একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি; বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।”

নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন মোনালিসা। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরো একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।”

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মোনালিসা বলেন, “আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরো একটি বছর।”

২০১২ সালে মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখন নিউ ইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন। ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউ ইয়র্কে সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন।

তবে নিজ দেশ ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও খুব বেশিদিন টেকেনি মোনালিসার সংসার। বছরখানেকের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর কেটে গেছে অনেকটা সময়। নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)