ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাদক বিরোধী অভিযান 

তালায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩

২০২৬ অক্টোবর ০৫ ১৭:৫২:৩৯
তালায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাদক বিরোধী অভিযান চলাকালে সোর্স গ্রাম পুলিশকে মারপিট ও কর্তব্যরত পুলিশের উপর আক্রমণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁ’র ছেলে রাশেদ খাঁ।

হাজরাকাটি গ্রামের আবুল হোসেন ও নূর আলী জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে
খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সরাসরি সহায়তা করে আসছিলেন। তাঁর সহায়তায় ইতিপূর্বে একাধিক মাদক কারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার নামে কয়েকজন মাদক কারবারি সোহেল শেখের ওপর হামলা চালায়। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী গ্রাম পুলিশ তালা থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ ও জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হাজরাকাটি গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা মাদক ব্যবসায়ি নুরুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে কৃত্রিম 'মব' সৃষ্টি করে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই চক্রটি অভিযানকারী পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশ এসে তিন পুলিশ সদস্যকে মুক্ত করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এঘটনায় উপপরিদর্শক তপন কুমার বিশ্বাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে রবিবার রাতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক আমীর হোসেন জানান,গ্রেপ্তারকৃত তিনজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে রিমাণ্ড নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

(আরকে/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)