প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’
২০২৬ অক্টোবর ০৮ ১৩:৪০:৪৩
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা মেসির ইতিহাস আজীবন টিকে থাকবে, এমনটাই জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো ও মেসির লড়াইয়ে দেড় যুগেরও বেশি সময় মেতে ছিল ফুটবল সমর্থকরা। কখনো তাদের ব্যালন ডি’অর অর্জনের, কখনো গোলের রেকর্ড ভাঙার, কখনো ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চলেছে। এই দুজনের দ্বৈরথকে ঘিরেই লেখা হয়েছে আধুনিক ফুটবলের অন্যতম সেরা অধ্যায়। এবার সেই প্রতিদ্বন্দ্বিতাকে পাশে সরিয়ে মেসির আন্তর্জাতিক বিদায়ে শ্রদ্ধা জানালেন রোনালদো।
আর্জেন্টিনার হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) শেষ ম্যাচ খেলেছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ। অ্যাসিস্ট ছিল ৬৯টি। এই তিনটি সংখ্যায় আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।
ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দেন মেসি। সেখানে নিজের সিদ্ধান্ত, পরিবার, সতীর্থ, কোচ, ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বিশেষভাবে স্মরণ করেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।
মেসির প্রতি রোনালদো শ্রদ্বা ও ভালোবাসা জানিয়েছেন পোস্টে কমেন্ট করে।
মেসি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি–সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। কিন্তু আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’
মেসির পোস্টে রোনালদোর মন্তব্য, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’
ম্যারাডোনাকে স্মরণ করে তিনি আরও লেখেন, ‘আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সব সময়ই বলি, তিনি আমাদের সাহায্য করেছেন—জীবিত থাকতে যেমন পাশে ছিলেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে আছেন।’
মেসির সেই পোস্টেই আসে রোনালদোর প্রতিক্রিয়া। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে এবার প্রতিপক্ষ নয়, ফুটবলের ইতিহাসের এক মহাতারকা হিসেবে সম্মান জানালেন পর্তুগাল অধিনায়ক।
মেসির পোস্টে রোনালদোর মন্তব্য, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’
মেসির বিদায় আর রোনালদোর এই বার্তা যেন ফুটবলের দুই মহাতারকার দীর্ঘ দ্বৈরথের এক আবেগঘন পরিসমাপ্তির ছবিও তৈরি করেছে। মাঠে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, কিন্তু ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে একজনের কীর্তির প্রতি অন্যজনের শ্রদ্ধাই সামনে এলো।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা। শেষ ম্যাচেও গোল ও দুই অ্যাসিস্ট দিয়ে বিদায় নেওয়া সেই ক্যারিয়ারের পাশে এবার রোনালদোর স্বীকৃতিও যোগ হলো।
তবে মেসির বিদায়ের আবেগঘন রাতের বিপরীতে রোনালদোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। পর্তুগাল শিবির ছেড়ে যাওয়ার ঘটনায় কোচ হোর্হে জেসুসের সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে তাঁকে ৩০ মিনিট খেলানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার ব্যাপারেও সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
রোনালদো অবশ্য স্পষ্ট করেছেন, পর্তুগালের হয়ে খেলা থেকে তিনি নিজেকে সরিয়ে নেননি। অর্থাৎ একদিকে মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হলো শ্রদ্ধা আর ভালোবাসার আবহে, অন্যদিকে রোনালদোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)
