প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
২০২৬ অক্টোবর ০৯ ০০:৫১:০৮
বিনোদন ডেস্ক :কিংবদন্তিতুল্য অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের বিনোদন অঙ্গনে। ৭৫ বছর বয়সে তার প্রয়াণে শোক জানিয়েছেন বলিউডের তারকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এরই মধ্যে অভিনেতার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার এক্সে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নানা পাটেকরের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আশীষ শেলার লিখেছেন, মারাঠি নাটক এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নানা পাটেকরের ‘অতুলনীয় অবদানের’ কথা বিবেচনা করে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নানার শৈশব থেকে শিল্পী হয়ে ওঠার যাত্রার কথাও স্মরণ করেন শেলার। ইয়েওলার গলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও অধ্যবসায়ের জোরে মারাঠি থিয়েটার এবং পরে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন এই অভিনেতা।
গণমাধ্যমের সঙ্গে কথা বলেও নানার মৃত্যুতে শিল্পজগতের অপূরণীয় ক্ষতির কথা জানান মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী। তার পক্ষ থেকে, মহারাষ্ট্র সরকার এবং সংস্কৃতি বিষয়ক বিভাগের পক্ষ থেকে প্রয়াত অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান তিনি।
এদিকে নানা পাটেকরের মরদেহ গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার বিকেলে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে মরদেহ পুনেতে পৌঁছানোর পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর পুনের ডোঞ্জেতে তার ফার্মহাউসেই শেষকৃত্য সম্পন্ন হবে।
নানা পাটেকর বৃহস্পতিবার সকালে গোয়ার বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দীর্ঘ সময় তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকর মারাঠি থিয়েটার থেকে শুরু করে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘ওয়েলকাম’সহ অসংখ্য সিনেমায় তার অভিনয় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তার অভিনয়জীবনে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীসহ একাধিক সম্মাননা।
(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৬)
