ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ অক্টোবর ১১ ০১:০১:৪৩
৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ৪ দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। কয়েকটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে। আসন্ন সফরে বিভিন্ন উদীয়মান খাত, বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

তিনি জানান, এর আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট মোকাবিলাবিষয়ক এক অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে তার প্রতি জাপান সরকারের আস্থা আরো বেড়েছে। এছাড়া, সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে শিগগিরই সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)