ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা

২০২৬ অক্টোবর ১১ ১৫:৩৫:৫৪
সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহতের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রবিবার (১১ অক্টোবর) দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সই করা এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে এ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবার, বিশেষ করে নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাশতযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এ সময় তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপরে জোর দেন।

একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হতাহতের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)