প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন ডিলারশিপ থেকে বঞ্চিত অর্ধশতাধিক আবেদনকারী। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।
আজ রবিবার নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বঞ্চিত আবেদনকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাহীন মুন্সী। এ সময় সার ডিলার নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণকারী আবেদনকারীদের বাদ দিয়ে নগরকান্দা উপজেলার কয়েকটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় ও অর্থ লেনদেনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।
অভিযোগকারীরা জানান, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম সুপারিশ করেননি। বরং নিজস্ব গোডাউন রয়েছে এবং সরকারি শর্ত পূরণ করেছেন—এমন আবেদনকারীদের মধ্য থেকে ডিলার নির্বাচনের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে তাঁরা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও কয়েকজন আবেদনকারী ডিলারশিপ পাননি। অন্যদিকে, কিছু ক্ষেত্রে নিজস্ব গোডাউন না থাকা সত্ত্বেও ভাড়া করা ঘর ব্যবহারকারী ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, কাইচাইল ইউনিয়নে কামাল সিকদার, ডাঙ্গী ইউনিয়নে আবু সাঈদ মুন্সী এবং লস্করদিয়া ইউনিয়নে শাহিনুর নামে ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের কয়েকজনের যোগ্যতা ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন অভিযোগকারীরা। এ ছাড়া লস্করদিয়া ইউনিয়নে নিয়োগ পাওয়া শাহিনুর আগে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হিসেবেও নিয়োগ পেয়েছেন বলে দাবি করা হয়।
রামনগর ও ফুলসুতি ইউনিয়নে ডিলার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তোলেন বঞ্চিত আবেদনকারীরা। তাঁদের ভাষ্য, প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করেও তাঁরা ডিলারশিপ পাননি। নিয়োগের ক্ষেত্রে কী কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং আবেদনকারীদের কীভাবে মূল্যায়ন করা হয়েছে, তা প্রকাশের দাবি জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “আমরা প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে যোগ্য প্রার্থীর নাম পাঠিয়েছি। মন্ত্রণালয় যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদের নিয়োগ দিয়েছে। অভিযোগকারীরা বলছেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নীতিমালায় কোথাও বলা নেই যে বিএনপির লোকদেরই নিয়োগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “যাঁরা অনিয়মের অভিযোগ করছেন, তাঁদের উদ্দেশে বলব, অভিযোগ করা সহজ। তাঁরা আমাদের বিরুদ্ধে টাকা-পয়সার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের কাছে তথ্য-প্রমাণ থাকলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, “কৃষি মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। ওই কমিটির সভাপতি ছিলেন ইউএনও মহোদয় এবং আমি ছিলাম সদস্যসচিব। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। এখানে আমাদের অনিয়ম করার কোনো সুযোগ নেই।”
অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “এই নিয়োগ কমিটি বা নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা হয়তো না বুঝে করছেন, অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “যতটুকু শুনেছি, যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের ৯৯ শতাংশ বিএনপির লোক। দু-একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না।”
সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বঞ্চিত আবেদনকারীরা।
(পিবি/এসপি/অক্টোবর ১১, ২০২৬)
