ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২

২০২৬ অক্টোবর ১১ ১৮:৫৬:০৩
সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে সার ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আগাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আজ রবিবার নিহতের দাফন শেষে বিক্ষোভ করে এ দাবি জানান তাঁরা। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকালে ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, ওই দিন দেশীয় অস্ত্র নিয়ে মো. সোজার বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। বসতঘর ভাঙচুরের প্রতিবাদ করলে সার ব্যবসায়ী আতাউর রহমানের ওপর হামলা চালায় তারা। এ সময় তাঁকে লোহার শাবল, হাতুড়ি, রড ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া, ইটের দেয়াল, টিউবওয়েল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

আতাউর রহমানের দাফন শেষে স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভে বক্তব্য দেন আরিফুল ইসলাম আজিম, মোহাম্মদ বিপুল মিয়া, মোবারক হোসেন, নূর ইসলাম, আবুল কাসেম ও রিয়াজুল ইসলাম।

নিহতের পরিবার অভিযোগ করেছে, মামলা প্রত্যাহার ও এ বিষয়ে মুখ না খুলতে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামিপক্ষের লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ১১, ২০২৬)