প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
২০২৬ অক্টোবর ১২ ১৮:০৫:২২
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারোয়ার আহমেদ সোহাগের কোয়ার্টারের জানালার গ্রিল কেটে এই চুরির ঘটনা ঘটে।
গত শুক্রবার থেকে রোববারের মধ্যে যে কোনো সময় চুরির ঘটনা ঘটেছে বলে সারোয়ার আহমেদ। এতে সোনা ও রুপার গহনাসহ নগদ টাকা খোয়া গেছে ভুক্তভোগী ওই ব্যক্তি দাবি করেছেন। তবে, হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য থাকার পরেও কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এ ব্যাপারে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারোয়ার আহমেদ সোহাগ বাসায় তালা দিয়ে পরিবারের সদস্য নিয়ে শুক্রবার ঢাকায় যান। রোববার রাতে এসে দরজার তালা ভাঙ্গা ও ঘরের ভেতরের আলমারি ও ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে চোরচক্র দুই ভরি সোনার গহনা, ৪ ভরি রুপার গহনা ও নগদ প্রায় ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে দুইজন নৈশপ্রহরী ও আনসার সদস্য থাকার পরেও এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সারোয়ার আহমেদ সোহাগ। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ সাহা বলেন, হাসপাতাল চত্ত্বরটা অনেক বড়। ১০ জন আনসার সদস্য রোস্টার ডিউটি করতে গিয়ে হিমসিম খাচ্ছে। আনসার সদস্য কিছুটা বাড়ালে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হতো। চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
(এসএইচ/এসপি/অক্টোবর ১২, ২০২৬)
