প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
২০২৬ অক্টোবর ১২ ১৮:০৭:১৬
স্টাফ রিপোর্টার : আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় গ্রাহকরা ব্যাংকটির দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।
উল্লেখ্য, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিপিডিবির কেন্দ্রীয় হিসাব পরিচালনার দায়িত্ব পেয়েছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় বিপিডিবির গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের শাখা ও উপশাখা, রিটেইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এবং কর্পোরেট ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর মাধ্যমে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিল পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করতে বিপিডিবির সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগও স্থাপন করবে ব্র্যাক ব্যাংক। এই সংযোগ বিল পরিশোধের প্রক্রিয়া ও হিসাব সমন্বয় আরও সহজ করবে। ফলে, গ্রাহকরা আরও দ্রুত ও সুবিধাজনকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিল পরিশোধের বাড়তি মাধ্যম এবং পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদের সুবিধার মাধ্যমে বিপিডিবির প্রায় ১২ লাখ পোস্টপেইড গ্রাহক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বিপিডিবির প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিডিবির ফাইন্যান্স মেম্বার (যুগ্মসচিব) অঞ্জনা খান মজলিশ বলেন, “গ্রাহককেন্দ্রিক সেবা, নিয়মনীতি পরিপালনের সংস্কৃতি, সুশাসন ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্র্যাক ব্যাংক সুনাম অর্জন করেছে। অনলাইনে বিল সংগ্রহের পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংককে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের বিল পরিশোধ আরও সহজ করবে বলে আমরা প্রত্যাশা করছি।”
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ, বলেন, “গ্রাহকদের জন্য দৈনন্দিন ব্যাংকিং ও পেমেন্ট সেবা আরও সহজলভ্য করার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এই উদ্যোগ। আমরা দেশব্যাপী আমাদের বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা কাজে লাগিয়ে বিপিডিবির গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে চাই। গ্রাহকদের নিরবচ্ছিন্ন পেমেন্ট সেবা দিতে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।”
অনুষ্ঠানে বিপিডিবির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন মেম্বার প্রকৌশলী মো. আব্দুল বাছিদ, ফাইন্যান্স ডিরেক্টর ছালেহ আহমেদ, কমার্শিয়াল জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল আবসার এবং ঢাকা কম্পিউটার সেন্টারের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মৃগাঙ্ক মোহন পাল।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড শেখ মোহাম্মদ ইমরান কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগটি সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
(পিআর/এসপি/অক্টোবর ১২, ২০২৬)
