ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে একমত, পূর্ণাঙ্গ সমর্থনে প্রস্তুত বিশ্বব্যাংক

২০২৬ অক্টোবর ১৪ ১৩:৩৮:৪৩
বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে একমত, পূর্ণাঙ্গ সমর্থনে প্রস্তুত বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নেওয়া নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে সংস্থাটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার যেসব নীতি গ্রহণ করেছে, সেগুলোর সঙ্গে বিশ্বব্যাংক একমত। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়দায়িত্বের বোঝা বহনের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাবও সামলাতে হচ্ছে সরকারকে। এসব বাস্তবতা বিশ্বব্যাংক অনুধাবন করছে।

তিনি বলেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকার যে নীতি গ্রহণ করেছে, তার সঙ্গে বিশ্বব্যাংকের পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের অর্থনৈতিক কর্মসূচি ও উন্নয়নের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও দুই পক্ষ একসঙ্গে কাজ করবে।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি ও নীতির বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলবে। সহযোগিতার ক্ষেত্রে যেসব বিষয় সামনে আসবে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২৬)