প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
২০২৬ অক্টোবর ১৪ ১৪:০৫:২১
স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আজ সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিজিবির সদস্যরাও কাজ করছেন।
গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা
গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বিবেচনায় গাজীপুর, ঢাকা ও আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২৬)
