প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
২০২৬ অক্টোবর ১৪ ১৮:৪৮:০২
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় তাকে মারধর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুরের একটি ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগে কবিরকে আটক করে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে আহত অবস্থায় বেঁধে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় যুবকটির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এস/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)
