ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠির প্রতিমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

২০২৬ অক্টোবর ১৫ ১৮:২৫:৩০
সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠির প্রতিমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর সার্বজনীন মন্দিরে দেড় লাখ দিয়াশলাইয়ের কাঠি এবং রেশমি সুতার নিখুঁত বুননে তৈরি জেলার অন্যতম প্রধান আকর্ষণের দুর্গা প্রতিমাটি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা নির্দেশনার কথা বলে পূজার ঠিক আগমুহূর্তে প্রদত্ত এই নির্দেশে স্তব্ধ হয়ে পড়েছেন আয়োজক, প্রতিমাশিল্পী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

গতকাল বুধবার ব্রহ্মরাজপুর পূজা মণ্ডপ পরিদর্শনে যান সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), এনএসআই কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনার আলোকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রতিমা অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসন নিজ উদ্যোগে তা অপসারণের ব্যবস্থা নেবে।

এদিকে কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছিল এই ব্যতিক্রমী প্রতিমা। দিয়াশলাইয়ের কাঠি ও রেশমি সুতার সূক্ষ্ম কারুকাজ দেখতে ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হওয়ার পর থেকে স্থানীয় ও দূর-দূরান্তের মানুষ মণ্ডপ উদ্বোধনের অপেক্ষায় ছিলেন। তবে উৎসব শুরুর শেষ মুহূর্তে এসে প্রতিমাটি সরিয়ে ফেলার নির্দেশ পুরো আয়োজনে দুশ্চিন্তার কালো ছায়া ফেলেছে।

(আরকে/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)