ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল

২০২৬ অক্টোবর ১৬ ০১:৪২:২২
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল

স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী। ট্রাস্টে সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
সরকার প্রয়োজনে যেকোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।

ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত। ১৩ অক্টোবর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ নতুন বোর্ডের প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করেন।

ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ‍ধর্ম সচিব।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক বলেন, ২০২৪-২৫ সালে একটি কমিটি গঠিত হয়েছিল। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে আইন রয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে-সরকার যদি প্রয়োজন মনে করে তবে ট্রাস্টিদের পরিবর্তন ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করতে পারে। চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করে দিয়েছেন। এর ফলে গত ২ সেপ্টেম্বর গঠিত নতুন কমিটি কার্যকর থাকবে এবং তারা স্বাভাবিকভাবে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)