প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
২০২৬ অক্টোবর ১৬ ১৪:৫০:২৪
রিপন মারমা, কাপ্তাই : দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধনের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে পাহাড়ি জনপদ কাপ্তাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে বইছে আনন্দের জোয়ার।
আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ জানান, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। উৎসবকে সার্বজনীন ও উৎসবমুখর করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে চোখধাঁধানো নৌ র্যালির মাধ্যমে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।
এদিকে গত কয়েক দিন কাপ্তাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে এক উৎসবমুখর পরিবেশ। প্রতিমা শিল্পীরা প্রতিমায় শেষ মুহূর্তের রঙতুলির নিখুঁত আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মণ্ডপগুলোর সাজসজ্জা, আলোকসজ্জা এবং প্যান্ডেল তৈরির কাজও প্রায় শেষের পথে। আয়োজক কমিটির পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবকরাও পূজার সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে এই উৎসব কাপ্তাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে।
অন্যদিকে, উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাপ্তাইয়ের ৯টি পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে বিজিবি ও স্বেচ্ছাসেবক দল।
(আরএম/এএস/অক্টোবর ১৬, ২০২৬)
