প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে
২০২৬ অক্টোবর ১৭ ০০:৫০:১৫
স্টাফ রিপোর্টার : এবার শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চসংখ্যক মণ্ডপ এবং সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে ‘গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ ও কোনো ধরনের বৈষম্য ছাড়া সব আচার-অনুষ্ঠান পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসি নাই। দেশের আইন-কানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।’
অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা ও ভোটব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলেও বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার অধিকারকে প্রাধান্য দেয় বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
এবার বনানী পূজামণ্ডপের মূল থিম ‘জলজ’-এর আওতায় দেশীয় কালচার, উপাদান ও আমেজে নির্মিত নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যে রূপায়িত এই আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) প্রমুখ।
গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।
মহাষষ্ঠীর শুভলগ্নে দেবী দুর্গার আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২৬)
