প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
২০২৬ অক্টোবর ১৭ ১৮:৪৬:৩৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা এলাকায় মাছের ঘেরে মাছ চোর সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫৩) নামের এক মাছ চাষীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী জেয়ালা গ্রামের সুলেখা মণ্ডল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে শুক্রবার রাতে তালা থানায় এ মামলা দায়ের করেন। তবে মৃত্যুর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
মামলার আসামীরা হলেন, তালা উপজেলার জেয়ালা গ্রামের শহর আলী শেখের ছেলে গফ্ফর শেখ,একই গ্রামের গোকুল ঘোষের ছেলে বিশ্ব ঘোষ ওরফে কানা বিশ্ব, জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ ও বিশ্ব ঘোষ, চণ্ডিপুর গ্রামের আববাস শেখের ছেলে হাবিবুর রহমান, আতিয়ার রহমান গাজীর ছেলে রবিউল গাজী, জিতেন ঘোষের ছেলে সমর ঘোষ, অজিয়ার রহমানের ছেলে ইব্রাহীম হোসেন,নলতা কারিকরপাড়ার সাত্তার ওরফে বেড়ে সাত্তার ও আটারই গ্রামের আব্দুল মজিদ।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ভোর পর্যন্ত তার ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
তালা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আমিরুজ্জামান মোল্ল্যা জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(আরকে/এসপি/অক্টোবর ১৭, ২০২৬)
