প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
২০২৬ অক্টোবর ১৮ ০০:২৫:১৬
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে একদল দর্শনার্থী জোর করে চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ঢুকে যান বলে অভিযোগ রয়েছে। ভিড় এতটাই বেশি ছিল যে সে সময় পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মণ্ডপের ভেতরে ভিড়ের চাপ বেশি থাকায় হুড়োহুড়িতে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। এতে সেখানে থাকা দর্শনার্থীরা মণ্ডপের একাংশের নিচে চাপা পড়েন।
পরে মণ্ডপের সুরক্ষায় থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশ দর্শনার্থীদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু। এ ঘটনায় অন্তত ২০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
এদিকে উদ্বিগ্ন পরিবারের সহায়তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। আপাতত দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপ বন্ধ করে রাখা হয়েছে।
দর্শনার্থীরা জানিয়েছেন, মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে। নিজের প্রাণ বাঁচাতে সবাই দৌড়াতে শুরু করেছিলেন। পদপৃষ্টের মতো অবস্থা হয়ে গিয়েছিল। এখানে এত পুলিশ এবং ভলান্টিয়ার থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থাই প্রথমে নেওয়া হচ্ছিল না। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এসে মণ্ডপের কাঠামো সরিয়ে আহতদের উদ্ধার করেন। পুলিশ এসেও সেই উদ্ধার কাজে হাত লাগায়।
(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৬)
