ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’

২০২৬ অক্টোবর ১৮ ০০:৪২:০৭
‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার : দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যুবসমাজকেই একটি দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ‘সবার জন্য বাংলাদেশ’।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’।
এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।

দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব।

স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণদের অবদানের প্রশংসা করে সরকারপ্রধান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যারা নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় এগিয়ে আসছেন। মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন।
তাদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস ও মেধার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাদের অধিকাংশই তরুণ। একইভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনেও হয়তোবা প্রবীণরা তাদের মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়েছেন, কিন্তু সরাসরি মাঠে থেকে তরুণসমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তরুণদের এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের মেধাবী তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।
(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৬)