প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
কক্সবাজারে রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান
২০২৬ অক্টোবর ১৮ ১২:৩৮:৩৫
বিনোদন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। অন্যদিকে, শোকের পাশাপাশি রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের পোস্টে উঠে এসেছে মর্মান্তিক এ ঘটনার বেদনা ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
নিজের ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ রিসোর্ট ব্যবসায় মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “মন চাইলো বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি! টাকা তো আসতেসেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নাম সর্বস্ব রিসোর্ট গুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।”
পোস্টের শেষে তিনি স্থান হিসেবে উল্লেখ করেন, ‘ইনানী, কক্সবাজার’।
ইরফানের বক্তব্যে অগ্নিনিরাপত্তার ঘাটতি নিয়ে ক্ষোভের পাশাপাশি সন্তানকে খুঁজতে থাকা এক মায়ের কষ্টের কথাও উঠে এসেছে। তার পোস্টে রিসোর্ট পরিচালনার ক্ষেত্রে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিজের শোকের কথা জানিয়েছেন তৌসিফ মাহবুব। ফেসবুকে তিনি লিখেছেন, “এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।”
শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও উদ্বেগ প্রকাশ করছেন।
মর্মান্তিক এ ঘটনা পর্যটনকেন্দ্রের আবাসন প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা, প্রয়োজনীয় অনুমোদন এবং অতিথিদের জীবন সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে এনেছে।
(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৬)
