প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
২০২৬ অক্টোবর ২১ ২০:৩৩:৩৮
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পশ্চিম পাশে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, আসামিদের নির্দেশে ও উপস্থিতিতে তাদের ওপর অতর্কিত গুলি চালানো হয়।
এতে আন্দোলনকারী আ. জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর আঘাত পান।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।
সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া দিলীপ কুমারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার সুষ্ঠু তদন্ত, অন্য আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এবং চুয়াডাঙ্গা-১ আসনে দলটির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী। ঘটনার দিন তিনি অন্য আসামিদের সঙ্গে সরাসরি উপস্থিত ছিলেন বলেও প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)
