প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
২০২৬ অক্টোবর ২২ ১২:২৯:৪২
স্টাফ রিপোর্টার : গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। এ লক্ষ্যে টেলিভিশন চ্যানেলের মালিক, পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি।
এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।’
আন্দালিভ রহমান বলেন, এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চান, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সমানভাবে সুরক্ষা পান।
আইন সংশোধনের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ ক্ষেত্রে ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে।
পূজামণ্ডপে ২৯ লাখ টাকা অনুদান
ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী।
বুধবার রাতে তিনি জেলা শহরের নয়টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এগুলোর মধ্যে রয়েছে বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন।
ভোলায় পূজায় নিরাপত্তা নিয়ে সন্তোষ
পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দ ও সম্প্রীতির পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশার মানুষ নয়, রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার করা হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনে সহযোগিতার জন্য জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।
সৌজন্যে : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৬)
