ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০২৬ অক্টোবর ২২ ১২:৪৮:৫৫
মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। দেবীর বিদায়ে পূজামণ্ডপগুলোতে আনন্দের পাশাপাশি নেমে আসে বিষাদের আবহ।

এবার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১২৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। ষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সপ্তমীতে নবপত্রিকা স্নান ও স্থাপন, মহাষ্টমীতে অঞ্জলি ও সন্ধিপূজা এবং মহানবমীতে বিশেষ পূজা ও হোম-যজ্ঞের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা এগিয়ে যায়।

(২১ অক্টোবর) বিজয়া দশমীতে দেবীবরণ, সিঁদুর খেলা ও প্রার্থনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। পরে বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের। ধর্মীয় তাৎপর্যে বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অন্যায়ের পরাজয় এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক।
(বিএসআর/এএস/অক্টোবর ২২, ২০২৬)