প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘স্নাইপার মন্তব্যের সাহস পেয়েছে বিরোধী দলের কারণে’
২০২৬ অক্টোবর ২৩ ১৩:২৭:৫০
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ নিয়ে এক যুবকের মন্তব্যের পেছনে বিরোধী দলের নেতাদের বক্তব্য ও আচরণকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের নেতাদের আগ্রাসী বক্তব্য পতিত অপশক্তিকে এমন মন্তব্য করার সাহস জুগিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক যুবক ফেসবুকে লিখেছেন, ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল।
’ রাশেদ খাঁনের দাবি, বিরোধী দলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য, আগ্রাসী আচরণ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার সুযোগ নিচ্ছে পতিত অপশক্তি।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের বক্তব্য, জনসভা কিংবা টকশোতে আওয়ামী লীগের অপকর্ম, গুম-খুন এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে না।
বরং গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য, জামায়াত ও এনসিপি এমন বয়ান তৈরি করছে, যেন আট মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলকেও ছাড়িয়ে গেছে।
এসব বক্তব্য ও অপবাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে। আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার, মামলায় জর্জরিত কিংবা নির্বাসিত জীবনে থাকা নেতারাও এ থেকে বাদ যাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, ৫ আগস্টের পরও দায়িত্বে থাকা কিংবা এর আগে রাজপথের আন্দোলনে সক্রিয় না থাকা কিছু ব্যক্তির বক্তব্যে এমন ধারণা তৈরি হচ্ছে, যেন গত ১৬ বছর শুধু তারাই আন্দোলন-সংগ্রাম করেছেন।
তিনি দাবি করেন, আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের অবদানের তুলনায় বিরোধী দলের অনেক নেতার ভূমিকা ছিল নগণ্য। অথচ এখন বিএনপিকে তাদের কাছ থেকেই আন্দোলন-সংগ্রামের ইতিহাস শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যাপক জাফর ইকবালের কাছ থেকে জানার সঙ্গে বিষয়টির তুলনা করে তিনি বলেন, একইভাবে বিরোধী দলের অনেক নতুন সংসদ সদস্যের কাছ থেকে বিএনপিকে জুলাই অভ্যুত্থানের ইতিহাস জানতে হচ্ছে।
(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৬)
